দেশে হামের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় রোববার থেকে জরুরি হাম টিকাদান কর্মসূচি শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রথম ধাপে বেশি আক্রান্ত নির্বাচিত কয়েকটি উপজেলায় এ কার্যক্রম শুরু হবে। পরে ধাপে ধাপে ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের এই কর্মসূচির আওতায় আনা হবে।
স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, পরিস্থিতি সামাল দিতে সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। আক্রান্ত এলাকার তালিকা চূড়ান্ত করে দ্রুত মাঠপর্যায়ে টিকা কার্যক্রম চালানো হবে।
সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরে সন্দেহভাজন হাম ও এ রোগজনিত জটিলতায় অন্তত ৪৭ শিশুর মৃত্যু হয়েছে। বিভিন্ন জেলায় রোগীর সংখ্যা বাড়তে থাকায় দ্রুত বিশেষ টিকাদান কর্মসূচি শুরুর ওপর জোর দিয়েছে সরকার।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত টিকাদান কর্মসূচির পাশাপাশি জরুরি এই পদক্ষেপ সংক্রমণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।