সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওতে দাবি করা হয় যে আগামী বুধবার থেকে গ্রামাঞ্চলে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে, স্কুল সপ্তাহে দুইদিন ছুটি থাকবে এবং সরকারি অফিস সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে।
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, এই দাবিগুলো সঠিক নয়। সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন নিয়ে মূলধারার কোনো গণমাধ্যমে বা সরকারি সূত্রে এমন কোনো ঘোষণা পাওয়া যায়নি।
দাবি অনুযায়ী ৩ এপ্রিল ২০২৪ থেকে এসব কার্যকর হওয়ার কথা বলা হলেও, সে সময় রমজান মাসে সরকারি নির্দেশনা অনুযায়ী অফিস সকাল ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত চলার কথা ছিল। সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরকারি অফিস চলবে, এমন কোনো তথ্যের প্রমাণ পাওয়া যায়নি।
একইসাথে, গ্রামাঞ্চলে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে বলেও কোনো সরকারি নির্দেশনা পাওয়া যায়নি। আর স্কুল সপ্তাহে দুইদিন ছুটির বিষয়টি নতুন নয়, এটি আগেই কার্যকর ছিল।
মূলত, বিদ্যুৎ, স্কুল ও সরকারি অফিসের সময়সূচি নিয়ে নতুন ঘোষণা দেওয়া হয়েছে দাবিতে যে তথ্য প্রচার করা হয়েছে, তা মিথ্যা। তাই সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন নিয়ে প্রচারিত এই নোটিশটি ভুয়া।